দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট সরকারের তৈরি নয়; আগের সময়ের বিভিন্ন সমস্যার বোঝা নিয়েই সরকারকে এগোতে হচ্ছে। তবে এসব সমস্যার স্থায়ী সমাধান করতে সময় প্রয়োজন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের সমালোচনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকে আন্দোলন করে সরকারকে সরে যেতে বলছেন। কিন্তু সরকার পরিবর্তন হলেই পরদিন বিদ্যুৎ-গ্যাসের সংকট দূর করা সম্ভব নয়। এ খাতের অবকাঠামো ও সক্ষমতা বাড়াতে সময়ের প্রয়োজন।
তিনি বলেন, একটি ভবনের ভিত্তি স্থাপনের পর সেটি নির্মাণ করতেও অন্তত দুই বছর সময় লাগে। নতুন প্রযুক্তি ব্যবহার করেও বড় ধরনের অবকাঠামো গড়ে তুলতে দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন হতে পারে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
জনভোগান্তি ও প্রশাসনিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সামাজিক ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
বিমানবহর আধুনিকায়নের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোয়িং উড়োজাহাজ ব্যবহারের বিষয়ে অনুরোধ ছিল। এর অংশ হিসেবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ ইজারা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি জানান, ইউরোপের ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি এয়ারবাস থেকেও নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের বিমান খাতকে আরও আধুনিক ও সক্ষম করে তোলার চেষ্টা করা হচ্ছে।
দেশের উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক নিয়ন্ত্রণে সফলতা না এলে দেশে কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে।
সভায় ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই